কারাগারের দেয়াল টপকে পালিয়েও স্ত্রীর কাছে নয়, মায়ের বাড়িতেই আশ্রয়; ৩ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার ইমন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কারাগারের দেয়াল টপকে পালিয়েও স্ত্রীর কাছে নয়, মায়ের বাড়িতেই আশ্রয়; ৩ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার ইমন।
কারাগারের দেয়াল টপকে পালিয়েও স্ত্রীর কাছে নয়, মায়ের বাড়িতেই আশ্রয়; ৩ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার ইমন।

খুলনা জেলা কারাগারের উঁচু প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে না গিয়ে কিংবা স্ত্রীর কাছে না গিয়ে সরাসরি মায়ের বাড়িতেই ছুটে যান হাজতি ইমন মাঝি (২৮)। তবে সেই মায়ের বাড়িই শেষ পর্যন্ত তার জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠেনি। পালানোর মাত্র তিন ঘণ্টার মধ্যেই কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় মায়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে কৌশলে পালিয়ে যান ইমন মাঝি। চুরির একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় ২৬ থেকে ২৭ দিন ধরে হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
কারা সূত্র জানায়, পুরুষ ওয়ার্ডে থাকা অবস্থায় তিনি কৌশলে মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুম এলাকায় পৌঁছে যান। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের উঁচু দেয়াল টপকে বাইরে চলে যান। দেয়ালটির বিপরীত পাশে গণপূর্ত অধিদপ্তরের একটি ভবন রয়েছে। পালানোর বিষয়টি ধরা পড়তেই কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং কারারক্ষীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তাৎক্ষণিক ভাবে অবহিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম জানান, আসামি পালিয়ে যাওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম চারদিকে চিরুনি অভিযান শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় তার মায়ের বাড়ি থেকে পলাতক হাজতি ইমন মাঝিকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, ইমন মাদকাসক্ত। দীর্ঘদিন নেশার কারণে তার মানসিক ভারসাম্যে কিছুটা প্রভাব পড়েছে। একা থাকতে না পারায় এবং মায়ের প্রতি প্রবল টানের কারণেই তিনি পালিয়ে আত্মগোপনে না গিয়ে সরাসরি মায়ের কাছেই চলে যান বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুনরায় গ্রেপ্তারের পর ইমন মাঝিকে কারা হেফাজতে নেওয়া হয়েছে। জেল সুপার জানান, বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আবার কারাগারে রাখা হবে। একই সঙ্গে কীভাবে একজন হাজতি বাথরুমের পাইপ বেয়ে কারাগারের নিরাপত্তা বলয় ভেঙে পালাতে সক্ষম হলেন, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। দায়িত্বে অবহেলা বা নিরাপত্তা ত্রুটির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, পালিয়ে আত্মগোপনে না গিয়ে কিংবা স্ত্রীর কাছে না গিয়ে মায়ের কাছেই ছুটে যাওয়ার ঘটনা তার মায়ের প্রতি গভীর আবেগ ও নির্ভরতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ঘটনাটি খুলনা জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। একজন হাজতি যদি বাথরুমের পাইপ বেয়ে উঁচু দেয়াল টপকে পালাতে পারেন, তবে নিরাপত্তা ব্যবস্থার কোথায় দুর্বলতা ছিল, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।