
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এর আগে গত ১৩ মে ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ জুলাই) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এদিকে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।