
মো আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সহ সব পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে অতিরিক্ত বা কম নম্বর প্রদান করলে পরীক্ষকদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গতকাল কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলের ১০(ক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো পাবলিক পরীক্ষার উত্তরপত্রে অতিরিক্ত বা কম নম্বর প্রদান করেন, তাহলে তিনি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে তৃতীয় কোনো পরীক্ষকের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত না হলে এ বিধানের আওতায় কাউকে দণ্ডিত করা যাবে না।
আইনে পাবলিক পরীক্ষা বলতে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড পরিচালিত, নিয়ন্ত্রিত বা আয়োজিত সব ধরনের পরীক্ষাকে বোঝানো হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে বিলটি সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হওয়ার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সনদ এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সংঘটিত পরীক্ষা-সংক্রান্ত অপরাধ দমনে এই সংশোধনী আনা হয়েছে। প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল অপরাধ বৃদ্ধির কারণে ১৯৮০ সালের আইনটি সময়োপযোগিতা হারিয়েছে।
সংশোধিত বিলে ‘ডিজিটাল কারসাজি’র একটি সুস্পষ্ট সংজ্ঞা যুক্ত করা হয়েছে। এর আওতায় পাবলিক পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, তথ্য হ্যাকিং, পরিবর্তন, সংশোধন, মুছে ফেলা বা গোপন করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া পরীক্ষা-সংক্রান্ত অপরাধ সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারী (হুইসেল ব্লোয়ার)-এর পরিচয় গোপন রাখা এবং আইনি জটিলতা বা প্রতিশোধমূলক হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার বিধানও বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিলে ‘পরীক্ষা-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ’ নামে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। এর আওতায় কোনো পরীক্ষার্থী বা তার পক্ষে কাজ করা ব্যক্তির সঙ্গে অসদুপায় অবলম্বনের উদ্দেশ্যে লিখিত বা মৌখিক চুক্তি, প্রস্তাব বা তা বাস্তবায়নকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।
এছাড়া নিষিদ্ধ ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বা প্রবেশের চেষ্টা এবং পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত বৈধ নির্দেশ অমান্য করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।