
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা অঞ্চলের অসহায় ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার শেষ ভরসাস্থল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল এখন নিজেই তীব্র ‘অসুখে’ ভুগছে। ধারন ক্ষমতার তিন গুণেরও বেশি রোগীর চাপে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
রবিবার (৭ জুন) সরেজমিনে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে দেখা যায়— ধারন ক্ষমতার অতিরিক্ত রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের নোংরা মেঝে, বারান্দা আর করিডোরে। তবে শয্যা সংকটের চেয়েও বর্তমানে রোগীদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, অবাধে কীটপতঙ্গ-পশুর বিচরণ এবং দমবন্ধ করা নোংরা পরিবেশ।
শয্যার চেয়ে তিনগুণ রোগী, ঠাঁই বারান্দা আর মেঝেতে
সরকারি ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ বেডের হলেও আজকে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। শয্যা না পেয়ে অধিকাংশ রোগী হাসপাতালের তপ্ত বারান্দায় এবং ওয়ার্ডের বাইরে বিভিন্ন খোলা স্থানে চাদর ও পাটি বিছিয়ে চরম কষ্টের মধ্যে চিকিৎসা সেবা নিচ্ছেন। অতিরিক্ত এই রোগীর চাপে হাসপাতালের পুরো পরিবেশ এখন স্থবির।
বছরের পর বছর পরিষ্কার হয় না পানির ট্যাংকি, বাধ্য হয়ে ‘দুর্গন্ধযুক্ত শ্যাওলা পানি’ পান করতে হয়।
চিকিৎসা সেবা নিতে আসা প্রতিটি রোগীর মুখে আজ একই অভিযোগ— হাসপাতালে কোনো খাবার পানির ব্যবস্থা নেই। হাসপাতালের ছাদের মেইন ট্যাংক এবং ভেতরের খোলা জায়গায় প্লাস্টিক ট্যাংকগুলোর মাধ্যমে যে পানি সরবরাহ করা হচ্ছে, তা পানের সম্পূর্ণ অনুপযোগী। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে এই পানির ট্যাংকি গুলো কখনোই পরিষ্কার করা হয় না।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরবরাহকৃত এই পানি থেকে তীব্র দুর্গন্ধ আসে এবং পানিতে শ্যাওলা ভাসতে দেখা যায়। কিন্তু মিনারেল ওয়াটার কিনে খাওয়ার সামর্থ্য না থাকায়, স্বল্প আয়ের নিরুপায় রোগীরা বাধ্য হয়ে এই বিষাক্ত পানিই পান করছেন। অথচ হাসপাতালের রান্নাঘরেও যেখানে রোগীদের খাবার তৈরি হয়, সেখানেও বিশুদ্ধ পানির কোনো বিকল্প ব্যবস্থা নেই।
এক রোগীর স্বজনের আকুতি, হাসপাতালে ঢোকার পর থিকাই হাজার হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়া পকেটের টাকা শেষ। এখন দিনে ১০০ টাকা দিয়া মিনারেল ওয়াটার কেনার টাকা পামু কই ? বাধ্য হইয়া এই গন্ধ পানিই খাওন লাগতেছে।
সরকারি ওষুধ, সোনার হরিণ, পরীক্ষা-নিরীক্ষায় সর্বস্বান্ত রোগীরা
ফ্রি চিকিৎসা পাওয়ার আশায় রোগীরা এই সরকারি হাসপাতালে আসলেও পদে পদে তাদের টাকা গুনতে হচ্ছে। হাসপাতালে প্রবেশ করার পরপরই বিভিন্ন টেস্ট বা পরীক্ষার জন্য রোগীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে।
সরকারি ওষুধের কথা জিজ্ঞেস করতেই রোগীরা জানান, এখানে ওষুধ পাওয়া ভাগ্যের ব্যাপার। সরকারি ভাবে বড়জোর মাত্র একটি বা দুটি স্বল্পমূল্যের ট্যাবলেট সরবরাহ করা হয়। বাকি সব দামি ওষুধ ও ইনজেকশন কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে।
রান্নাঘরে বিড়াল, ওয়ার্ডে তেলাপোকা ও বাথরুমের নরকগুলজার
হাসপাতালটির স্বাস্থ্যকর পরিবেশের অবস্থা এতটাই শোচনীয় যে, রান্নাঘর থেকে শুরু করে সাধারণ ওয়ার্ড— সর্বত্রই নোংরার রাজত্ব। আজ সরেজমিনে দেখা যায়, রোগীদের জন্য যেখানে খাবার রান্না করা হচ্ছে, সেখানে বিড়াল অবাধে ঘুরে বেড়াচ্ছে। শুধু রান্নাঘরই নয়, কেবিন ব্লক থেকে শুরু করে প্রতিটি সাধারণ ওয়ার্ডে তেলাপোকার মেলা বসেছে।
এর সাথে যোগ হয়েছে বাথরুম গুলোর ব্যবহারের অনুপযোগী ও নারকীয় অবস্থা। সঠিক রক্ষণাবেক্ষণ ও পানির অভাবে বাথরুম গুলো থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধ এখন হাসপাতালের নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সুস্থ মানুষকেও অসুস্থ করে ফেলার জন্য যথেষ্ট।
রহস্যময় আগুনে পুড়ে যাওয়ায় বন্ধ ওটি, যন্ত্রণায় ছটফট করছেন জরুরি রোগীরা, হাসপাতালটির দুর্ভোগের এখানেই শেষ নয়। কিছুদিন আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া অপারেশন থিয়েটার (ওটি) এবং পোস্ট অপারেটিভ সেন্টারটি এখনো বন্ধ রয়েছে। ফলে জরুরি অপারেশন প্রয়োজন এমন রোগীরা বেডে এবং মেঝের ওপর পড়ে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে কাঁদছেন। তাদের এই আর্তনাদ শোনার যেন কেউ নেই। এর মাঝেই আবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে হাসপাতালের চলাচলের বারান্দার টাইলস তুলে নতুন করে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা রোগী ও তাদের স্বজনদের চলাচলাকে আরও ঝুঁকিপূর্ণ ও কষ্টদায়ক করে তুলেছে।
উল্লেখ্য, কর্তৃপক্ষের চিরাচরিত মনগড়া বক্তব্য
বিশুদ্ধ খাবার পানির এই দীর্ঘস্থায়ী সংকট এবং সামগ্রিক অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে, তারা বরাবরের মতোই বিভিন্ন ধরনের মনগড়া ও দায়সারা বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
খুলনা অঞ্চলের লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত এই বৃহৎ চিকিৎসা কেন্দ্রে দ্রুত সুপেয় পানির ব্যবস্থা করা, ওটি চালু করা এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।