২০২৬-২৭ অর্থবছর: ইউপি চেয়ারম্যান-সদস্যদের সম্মানীসহ ৯ খাতে বরাদ্দ প্রস্তাব চাইল মন্ত্রণালয়।

ক্রাইম নিউজ ডেস্ক :

২০২৬-২৭ অর্থবছর: ইউপি চেয়ারম্যান-সদস্যদের সম্মানীসহ ৯ খাতে বরাদ্দ প্রস্তাব চাইল মন্ত্রণালয়।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের অংশ হিসেবে দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশের বেতন-ভাতা ও সম্মানীসহ ৯টি খাতে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক লিখিত পত্রে জেলা প্রশাসকদের নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব খাতে বরাদ্দের প্রস্তাব চাওয়া হয়েছে সেগুলো হলো— চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিব বা প্রশাসনিক কর্মকর্তার বেতন-ভাতা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বেতন-ভাতা, গ্রাম পুলিশ প্রধানের বেতন-ভাতা, গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, গ্রাম পুলিশের পোশাক ও রেশন ভাতা, উৎসব ভাতা, যান্ত্রিকীকরণ ভাতা এবং বিদ্যালয় বিল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে এসব খাতে ইউনিয়ন পরিষদগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে নতুন করে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব আহ্বান করা হয়েছে।

এ জন্য জেলা প্রশাসকদের ২০২৫-২৬ অর্থবছরের জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয়ের হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বরাদ্দের প্রস্তাব আগামী ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে lgup2@lgd.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, উপজেলা-ভিত্তিক ইউনিয়নের সংখ্যা এবং প্রতিটি খাতে প্রয়োজনীয় অর্থের বিস্তারিত হিসাব নির্ধারিত ছকে সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট আটটি দপ্তরে পাঠানো হয়েছে।