হত্যাকাণ্ডের লাগাম টানা যাচ্ছে না, সাত মাসে ২ হাজার ৭৬ মামলা

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

হত্যাকাণ্ডের লাগাম টানা যাচ্ছে না, সাত মাসে ২ হাজার ৭৬ মামলা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে একের পর এক হত্যাকাণ্ড। রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনা সেই উদ্বেগকে আরও গভীর করেছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে হত্যা, মব সহিংসতা, রাজনৈতিক সংঘাত, নারী ও শিশু নির্যাতনসহ নানা ধরনের অপরাধ অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতার অনুভূতি।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় ২ হাজার ৭৬টি মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাইয়ে ২৯৮টি মামলা হয়েছে।

এই হিসাবে বছরের প্রথম সাত মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। শুধু মে, জুন ও জুলাই—এই তিন মাসেই হত্যার ঘটনায় মামলা হয়েছে ৯৩৪টি। অর্থাৎ ওই সময়ে প্রতিদিন গড়ে ১০টিরও বেশি হত্যাকাণ্ডের মামলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৭৮৯টি। এর আগের ছয় মাসে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৮০টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে হত্যার মামলা বেড়েছে ৯টি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে প্রতি মাসে কমবেশি ৩০০টির মতো খুনের ঘটনা ঘটছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

শুধু হত্যাকাণ্ড নয়, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ছয় মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১১ হাজার ১৬৫টি। এর আগের ছয় মাসে এ ধরনের মামলা হয়েছিল ১০ হাজার ৯০টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ১ হাজার ৭৫টি।

চলতি বছরে ঢাকার মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অপরাধ বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়; দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু সব ঘটনায় দ্রুত তদন্ত, আসামি গ্রেপ্তার এবং বিচার শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৪০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন এবং নিহত হয়েছেন অন্তত ৭৭ জন।

একই সময়ে মব সহিংসতায় মারা গেছেন ১৩৪ জন। এসব পরিসংখ্যান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, হত্যাকাণ্ডের পেছনে একক কোনো কারণ নেই। রাজনৈতিক আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব, মাদক, পারিবারিক কলহ, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ, পূর্বশত্রুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের বিস্তার—সবকিছু মিলেই হত্যাকাণ্ডের ঝুঁকি বাড়ছে।

রাজনৈতিক সংঘাতও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৭ জনের মধ্যে দুর্বৃত্তদের হামলা ও গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪০ জন।

হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। বিভিন্ন মামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত রয়েছে। চুরি-ডাকাতিসহ কিছু অপরাধের মাত্রা আগের তুলনায় কমেছে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—এত অভিযান, গ্রেপ্তার ও মামলা হওয়ার পরও হত্যাকাণ্ডের সংখ্যা কেন কমছে না?

অপরাধ বিশ্লেষকদের মতে, কোনো অপরাধ সংঘটনের পর শুধু আসামিকে গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। অপরাধের পেছনে থাকা কারণগুলো চিহ্নিত করা, অস্ত্রের উৎস বন্ধ করা, মাদক নিয়ন্ত্রণ, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবমুক্ত আইন প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি আগের সক্ষমতা ও কার্যকর অবস্থানে ফিরতে পারেনি। এর সুযোগ নিয়ে বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে বলেও তাদের ধারণা।

তাদের মতে, হত্যাকাণ্ড ও সহিংসতা নিয়ন্ত্রণে কেবল অভিযান পরিচালনা যথেষ্ট নয়। গোয়েন্দা তৎপরতা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, মামলার তদন্তে গতি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

পুলিশ সদর দপ্তর প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলার পরিসংখ্যান প্রকাশ করে। সেই পরিসংখ্যানই বলছে, হত্যাকাণ্ড এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যতম বড় চ্যালেঞ্জ।

প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যাকাণ্ডের মামলা হওয়ার এই চিত্র সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করছে। শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগ, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধী যদি নিশ্চিত থাকে যে অপরাধ করেও দীর্ঘদিন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে অপরাধ কমবে না। তাই গ্রেপ্তার থেকে বিচার ও শাস্তি—পুরো প্রক্রিয়ায় গতি ও জবাবদিহি নিশ্চিত করাই হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের অন্যতম প্রধান পথ।

প্রশ্ন তাই থেকেই যাচ্ছে—প্রতিদিন গড়ে ১০টি হত্যাকাণ্ডের মামলা হওয়ার পরও হত্যাকাণ্ডের লাগাম টানা যাচ্ছে না কেন?