
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে প্রায় দুজনের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই। ২০২৫ সালে দেশের ৩৮ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ পুষ্টিকর খাদ্য কিনতে পারেননি। দক্ষিণ এশিয়ায় এ হার পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ।
জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদন যৌথভাবে প্রস্তুত করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে ৬৩ শতাংশ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য ছিল না।
বাংলাদেশে এ হার ৩৮ দশমিক ৬ শতাংশ। প্রতিবেদনে স্বাস্থ্যকর খাদ্য তালিকা বলতে প্রতিদিন মাথাপিছু ২ হাজার ৩৩০ কিলোক্যালরি শক্তি সরবরাহে সক্ষম এমন খাদ্যকে বোঝানো হয়েছে। এতে শর্করা, প্রাণিজ আমিষ, শুঁটি জাতীয় খাদ্য, বাদাম ও বীজ, শাকসবজি, ফলমূল এবং তেল-চর্বিসহ ছয়টি খাদ্য গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ২৬৯ কোটি মানুষ, অর্থাৎ ৩২ দশমিক ৭ শতাংশ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য ছিল না। এর মধ্যে আফ্রিকায় এ হার সবচেয়ে বেশি, ৬৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে এশিয়া, ২৮ দশমিক ৯ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল, ২৫ দশমিক ৭ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য স্বাস্থ্যকর খাদ্য এখনও অনেকটাই নাগালের বাইরে। বিশেষ করে দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস ও ফলমূলের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার প্রয়োজনীয় পরিমাণে এসব খাদ্য কিনতে পারছে না।
বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে তার প্রভাব দ্রুত পড়ে, তবে দাম কমলেও সেই সুফল ভোক্তারা তুলনামূলক ধীরে পান।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে একজন মানুষের প্রতিদিনের স্বাস্থ্যকর খাবারের গড় ব্যয় ২০১৭ সালের ৩ দশমিক ৯ ডলার (ক্রয়ক্ষমতার সমতা অনুযায়ী) থেকে বেড়ে ২০২৫ সালে ৪ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। এ ব্যয়ের বড় অংশই প্রাণিজ আমিষ, ফলমূল ও শাকসবজি কেনার পেছনে ব্যয় হয়।
দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যকর খাদ্যের ব্যয়ের দিক থেকে ভুটান (৬ দশমিক ১৭ ডলার) ও শ্রীলঙ্কার (৫ দশমিক ২১ ডলার) পরেই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে পাকিস্তানে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্যহীন মানুষের হার সবচেয়ে বেশি হলেও সেখানে এ ধরনের খাদ্যের গড় ব্যয় এ অঞ্চলের মধ্যে সর্বনিম্ন, ৩ দশমিক ৯৪ ডলার।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্যকর খাবারের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে।
২০১৭ সালে যেখানে ৬২ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ কোটি ১৮ লাখ মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য ছিল না, ২০২৫ সালে তা কমে ৩৮ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। প্রতিবেদনে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, মানুষের খাদ্য ব্যয়ের জন্য বরাদ্দ আয় খাদ্যের দামের তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে স্বাস্থ্যকর খাদ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ব্যয় কমানো, সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা, পরিবহন ও সংরক্ষণ সুবিধা উন্নত করা, বাজার তথ্যব্যবস্থা আধুনিক করা এবং খাদ্যের অপচয় কমানোর সুপারিশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর খাদ্যপ্রাপ্তি আরও বাড়াতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্য ভিত্তিক খাদ্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, পুষ্টিকর খাদ্যের ওপর কর ও সরবরাহ ব্যয় কমানো এবং সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে খাদ্যের অপচয় রোধ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের আরও বেশি মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্য সহজলভ্য হবে।