সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রেমের ফাঁদ, প্রতারককে এক বছরের কারাদণ্ড।

মোহাম্মদ রুমী শরীফ, পটুয়াখালী প্রতিবেদক :

সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রেমের ফাঁদ, প্রতারককে এক বছরের কারাদণ্ড।

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বাগেরহাটের এক তরুণীকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে আসার পর মহিপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে ওই যুবকের স্ত্রী ও তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইনসান উদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তার স্ত্রীও সাক্ষ্য দিয়েছেন। প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে প্রতারণার ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।