
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা জেলার ফুলতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামি মোমিন গাজী (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল দিবাগত রাতে যশোর জেলার কোতয়ালী থানাধীন দাইতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোমিন গাজী (২৮) খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের মো. নাজিম গাজীর ছেলে। র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে র্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সুমন হত্যা মামলার প্রধান আসামি যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-৬ (সিপিসি-৩) এর সহায়তায় যশোর জেলার কোতয়ালী থানাধীন দাইতলা বাজার হতে সুমন মন্ডল হত্যা মামলার প্রধান আসামি খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের মো. নাজিম গাজীর ছেলে মোমিন গাজীকে গ্রেপ্তার করেন।
জানা যায়, ভিকটিম মো. সুমন মোল্যা (২৯) এবং মোমিন গাজী প্রায় সময় একসাথে চলাফেরা করত। মোমিন গাজী এলাকায় সন্ত্রাস, মাদককারবারি, চুরি, চাঁদাবাজির সাথে জড়িত। চোরাই নৌকা এবং স্যালো মেশিন ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধারে ভিকটিমের সাথে আসামিদের বিরোধ চলে আসছিল। গুলিতে নিহত সুমন মোল্যা গত ২২ এপ্রিল আনুমানিক বেলা ১১টার সময় তার শ্যালক ইকরামুল খান এর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে জামিরা বাজারে যায়। বাজার থেকে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করে এবং দুপুর আনুমানিক পৌনে ১টার সময় ফুলতলা থানাধীন পিপরাইল (পশ্চিমপাড়া) গ্রামস্থ একটি ধান ক্ষেতের দক্ষিণপাশে পাকা রাস্তার উপর পৌঁছালে একটি মোটর সাইকেলে থাকা আসামি মোমিন গাজী এবং অজ্ঞাতনামা আরও ২ জন তাদের ব্যবহৃত মোটর সাইকেল দিয়ে ভিকটিমের মোটর সাইকেলের গতিরোধ করে এবং সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অন্যান্য আসামিরা ভিকটিমকে ঘিরে ধারে। মোটর সাইকেলে থাকা প্রধান আসামি মোমিন গাজী ও অজ্ঞাতনামা আরও ২ জন আসামি তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে গুলি চালায়। যার ফলে ভিকটিমের গলার ডান পাশে, ঘাড়ে এবং চোয়ালে গুলি লেগে চোয়ালসহ গলা এবং শ্বাসনালীর মাংস ছিড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কয়েকটি ফাঁকা গুলি করে মোটর সাইকেলযোগে এবং বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২:৩০ সময় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু বরণ করেছে বলে জানায়।
সুমনের পিতা গতকাল বুধবার ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখে। গ্রেপ্তারকৃত আসামিকে হত্যা মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।