সুন্দরবন রক্ষায় সমন্বিত অভিযানের আহ্বান পরিবেশ উপদেষ্টার।

মো: আল মাসুম খান খুলনা বিভাগ ব্যুরো চিফ:

সুন্দরবন রক্ষায় সমন্বিত অভিযানের আহ্বান পরিবেশ উপদেষ্টার।
সুন্দরবনকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপকে সম্মিলিত ভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ‑বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল বুধবার ৯ জুলাই, ‘সুন্দরবন ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় উপদেষ্টা স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জ গুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান
তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এর টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা। সুন্দরবনের সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। এছাড়া ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: ইমরান আহমেদ, সাংবাদিক ও ইউটিউবার মহসিন উল হাকিম প্রমুখ।