সুন্দরবনে পুশইন করা ৭৮ জন মুসলিম গুজরাটে বসবাস করত।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

সুন্দরবনে পুশইন করা ৭৮ জন মুসলিম গুজরাটে বসবাস করত।

খুলনা বনবিভাগের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনী ও ভারতীয় কোস্টগার্ডের পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে আজ রবিবার ১১ মে সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। আজ দুপুর নাগাদ ৭৮ জনকে নিয়ে কোস্টগার্ডের জাহাজ ও কাঠের ট্রলার মোংলায় পৌঁছেছে জানিয়েছে মংলা কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে গত শুক্রবার রাতে তাদেরকে ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেয়। বনবিভাগ সূত্রে জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। ভারতীয় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে তারা ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশইন করা হয়েছে। উল্লেখ্য বন বিভাগের কাছ থেকে খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশ ইন করা ব্যক্তিদের সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে।