
ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ‘টানা পার্টি’ নামে পরিচিত ছিনতাইকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে যানবাহনের জানালার পাশে থাকা যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী টেনে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে চক্রটির সদস্যরা।
স্থানীয় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সাভার বাসস্ট্যান্ডের পুরোনো ওভারব্রিজ, নতুন ওভারব্রিজ, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী, অন্ধমার্কেট, নিউমার্কেট এবং রেডিও কলোনি বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
অভিযোগ অনুযায়ী, সাধারণত যানবাহন যানজটে ধীরগতিতে চলার সময় কিংবা বাসস্ট্যান্ডে থামার সুযোগকে কাজে লাগিয়ে জানালার পাশে বসা যাত্রীদের টার্গেট করা হয়। মুহূর্তের মধ্যে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোন, ব্যাগ বা অন্যান্য মূল্যবান সামগ্রী টেনে নিয়ে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। একইভাবে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের কাছ থেকেও কৌশলে মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
নারীরাও এ ধরনের ছিনতাইয়ের শিকার হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিশেষ করে ব্যস্ত সময় ও যানজটের মধ্যে যাত্রী ও পথচারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার পরও অভিযোগের পুনরাবৃত্তি পুরোপুরি বন্ধ হয়নি। এতে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয়রা বলছেন, শুধু অভিযান ও গ্রেপ্তারের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং কার্যকর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, বাসস্ট্যান্ডসহ ব্যস্ত বাণিজ্যিক ও জনসমাগমপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়ানো গেলে ‘টানা পার্টি’র তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। একই সঙ্গে যাত্রী ও পথচারীদেরও চলাচলের সময় মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ছিনতাই প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীদের।