সাভারে ২০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ইয়াছিন আরাফাত রাফি, সাভার ঢাকা :

সাভারে ২০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খাদিজা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা জেলা ডিবি উত্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ একটি দল সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন জামসিং এলাকায় অভিযান চালায়।

অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খাদিজাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার খাদিজা যশোর জেলার শার্শা থানার রাড়ী পুকুরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের উত্তর জামসিং এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, খাদিজার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।