সাভারে মাঠে কালো টেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ।

ইয়াসিন আরাফাত রাফি, স্টাফ রিপোর্টার, সাভার, ঢাকা :

সাভারে মাঠে কালো টেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ।
ঢাকার সাভারে একটি খোলা মাঠ থেকে কালো টেপে প্যাঁচানো একটি প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমাসদৃশ বস্তুটি পাওয়ার পর পুলিশ পুরো মাঠ ঘিরে রেখেছে। বিষয়টি পরীক্ষা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের ফোন পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঘটনাস্থলে যান। সেখানে কালো টেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, সাভারের সাদাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে গভীর রাতে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন। ড্রামটির ভেতরে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে টেপ দিয়ে প্যাঁচানো প্রেশার কুকারটি পাওয়া যায়। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মাঠের মধ্যে রেখে পুলিশকে খবর দেন।
এসআই ইমরান হোসেন বলেন, **“আমাদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।”**
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গভীর রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি নীল রঙের প্লাস্টিকের ড্রামটি মাঠে রেখে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করার পর এটি আসলে কী এবং এর ভেতরে বিস্ফোরকজাতীয় কোনো উপাদান রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে।
বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই প্রেশার কুকারটির প্রকৃত পরিচয় ও ঘটনার রহস্য উদ্‌ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।