সাভারে একদিনের ব্যবধানে নারীসহ তিন মরদেহ উদ্ধার।

ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা : 

সাভারে একদিনের ব্যবধানে নারীসহ তিন মরদেহ উদ্ধার।

ঢাকার সাভারে একদিনের ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ও বুধবার (২৬ আগস্ট) সকালে হেমায়েতপুর ও সাভারের বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অপরজন ছিলেন অজ্ঞাতপরিচয় নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানানো হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এরপর বুধবার সকালে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে সাভারের লালটেক এলাকার একটি ঘর থেকে মোহাম্মদ তন্ময় হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তিনটি মরদেহের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

পৃথক তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব মৃত্যুর পেছনে আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।