
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা জেলার লাবসা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ শাড়ি, থান কাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস মোড় এলাকা থেকে ট্রাকভর্তি এসব মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানকারীকে আটক করতে পারেনি। ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানায় বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানি চক্র ভারত থেকে অবৈধ ভাবে আনা ট্রাক ভর্তি বিপুল পরিমাণ মালামাল ভোমরা স্থলবন্দর এলাকা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে সংবাদ পায়। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের ভোমরা বিওপির একটি অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস মোড়ের আদুরে লস্কর পেট্রোল পাম্পের কাছে একটি অস্থায়ী চেক পোস্ট বসায়। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা মালামাল বোঝায় একটি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দিলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে ব্যাটেলিয়ান সদর দপ্তরে এনে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ২ হাজার ২৬১ পিস শাড়ি, ৮ হাজার ৯৯১ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৮০০ কেজি জীপসান পাউডার, ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার ২ হাজার ১০০ কেজি পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করে। ট্রাকসহ জব্দকৃত মামলার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা। খুলনা সেক্টরের সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা জেলার কাস্টমস এ জমা দেয়া এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।