
এ জেড আমিনুজ্জামান রিপন :

গতকাল রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন সড়কে পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, “আপনারা সকাল থেকেই দেখছেন, আমাদের জননিরাপত্তা বর্তমানে স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং জেলার চারটি উপজেলার সব এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা বলবৎ রয়েছে।”
তিনি বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত রোববারের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রসঙ্গে ডিআইজি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার পাঁচটি থানায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বর্তমান পরিস্থিতি:
গত কয়েক দিনের রাজনৈতিক উত্তেজনা ও সহিংস ঘটনাকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।