সরকারি জমি উদ্ধার: উলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত প্রশাসনের উদ্যোগ।

শৈলেন্দ্রনাথ মজুমদার :
সরকারি জমি উদ্ধার: উলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত প্রশাসনের উদ্যোগ।

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সরকারি সম্পত্তি রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উলপুর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ।

অভিযানে বাজার এলাকার তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “উলপুর বাজারের তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট স্থাপনার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “কোনো ব্যক্তি সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করলে প্রচলিত আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। গোপালগঞ্জে এ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। সরকারি খাস জমি ও রাষ্ট্রের অধিকারভুক্ত কোনো জমিই অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব ধরনের অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম চলমান থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যবসায়ী সরকারি খাস জমি যথাযথ বন্দোবস্ত গ্রহণ না করেই সেখানে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান। পরে প্রশাসনের নজরে বিষয়টি এলে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের প্রবণতা জনস্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ দখলদারদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

জনস্বার্থে সরকারি সম্পত্তি সংরক্ষণ ও আইন বাস্তবায়নে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সরকারি জমি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।