সম্পত্তি ভাগের পর আশ্রয়হীন ৯৫ বছরের বৃদ্ধ, গাছতলায় কাটছে দিন।

বিকাশ চন্দ্র গোলদার, বিশেষ প্রতিবেদক :

সম্পত্তি ভাগের পর আশ্রয়হীন ৯৫ বছরের বৃদ্ধ, গাছতলায় কাটছে দিন।

সন্তানদের ভবিষ্যৎ গড়তে জীবনের উপার্জিত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কাছেই আশ্রয় মিলছে না তাঁর। দুই ছেলে ও চার মেয়ের কেউই দায়িত্ব নিতে রাজি না হওয়ায় বাড়ির পাশের একটি গাছের নিচে অসহায় অবস্থায় দিন কাটছে এই বৃদ্ধের। জমিজমা লিখে নেওয়ার পর সন্তানরা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে। হাজী শামসুল হক মোল্লা ওই গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা এবং ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার। চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমের বিয়ে হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী।

পরিবার ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে জমি বিক্রি করে হজ পালন করেন শামসুল হক। পরে অবশিষ্ট জমিজমাও সন্তানদের মধ্যে ভাগ করে দেন। কিন্তু স্ত্রীহারা এই বৃদ্ধের জীবনের শেষ সময়ে এসে সন্তানদের কাছ থেকে প্রয়োজনীয় আশ্রয় ও সহযোগিতা মিলছে না বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি কয়েক দিন বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে থাকার পর মঙ্গলবার সকালে তিনি বাবাকে দুই ছেলের বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ, এ সময় দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা বৃদ্ধ বাবাকে বাড়িতে জায়গা না দিয়ে বাড়ির উঠানের পাশে একটি গাছের নিচে বসিয়ে রাখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

বড় মেয়ে মায়া বেগম বলেন, “আমার স্বামী অসুস্থ। বাড়িতে শারীরিক প্রতিবন্ধী ছোট বোন কাজুলীও থাকে। সব মিলিয়ে বাবাকে নিজের কাছে রাখা আমার পক্ষে সম্ভব নয়।”

মেজো মেয়ে সাবিনা বেগম বলেন, “চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র চার লাখ টাকা করে দিয়েছেন। অথচ দুই ভাইকে নগদ টাকাসহ আট কাঠা করে জমি দিয়েছেন। এখন আমরা বোনেরা কেন বাবার দেখাশোনা করব?”

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দুই ছেলে আজিজুল মোল্লা ও রেয়াজুল মোল্লার বাড়িতে গেলে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের স্ত্রীরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক গৃহিণী বলেন, “শামসুল হক মোল্লার সব জমিজমা লিখে নিয়ে এখন তাঁর সন্তানরা তাঁকে আশ্রয় দিচ্ছে না। তিনি যদি নিজের সম্পত্তি এভাবে লিখে না দিতেন, তাহলে হয়তো আজ এমন দুর্দশায় পড়তে হতো না। সন্তানদের এমন আচরণ মেনে নেওয়া যায় না।”

এদিকে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। তিনি বলেন, “সারাজীবন তিল তিল করে কষ্ট করে যাদের বড় করলাম, আজ তারাই আমাকে বোঝা বানিয়ে দিল। আমি এখন কোথায় যাব, কী করব—কিছুই বুঝতে পারছি না।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “ঘটনাটি আমি জেনেছি এবং দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। শামসুল হক সাহেবের সন্তানেরা যদি তাঁদের পিতার ভরণপোষণ ও দেখাশোনা না করেন, তবে প্রচলিত পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

৯৫ বছর বয়সী একজন বৃদ্ধের এমন অসহায় অবস্থার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা বৃদ্ধের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও ভরণপোষণ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।