
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা ছাড়িয়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পৌর বাস টার্মিনাল এলাকায় রোপণ করা হয়েছে প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছের চারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির নেতৃবিন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো বিশেষ দিনকে কেন্দ্র করে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের ফলে একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা বাড়বে।
তিনি আরো বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, ভবিষ্যতেও মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।