শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে কমেছে রাতের চলাচল।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে কমেছে রাতের চলাচল।

ড্রোন উড়িয়ে ধানখেতে বাঘের সন্ধান, সতর্ক করতে বন বিভাগের মাইকিং

 

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বাঘের বিচরণ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। বাঘের উপস্থিতির চিহ্ন পাওয়ার পর বনরক্ষীরা ড্রোন উড়িয়ে ধানখেতে বাঘের সন্ধান করছেন। আতঙ্কে রাতে গ্রামাঞ্চলে মানুষের চলাচল কমে গেছে। এক সপ্তাহের ব্যবধানে রবিবার রাতে সুন্দরবন থেকে পূর্ব সোনাতলা গ্রামে আবারও বাঘ ঢুকে পড়ার চিহ্ন পাওয়া গেছে। গ্রামের ধানখেতসহ বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং শুরু করেছে বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) টিম লিডার মো. খলিল জোমাদ্দার সোমবার দুপুরে জানান, রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনসংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সুন্দরবন বিভাগ, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের জানান।

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে বাঘের বিচরণের চিহ্ন দেখতে পান তাঁরা। পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘটি লোকালয়ে এসে ধানখেতের দিকে চলে গেছে।

সোনাতলা গ্রামের সিপিজির সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন জানান, গ্রামের ধানখেত ও সবজিখেতের আইলে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘের ভয়ে রাতের বেলা গ্রামে মানুষের চলাচল কমে গেছে।

তিনি আরও জানান, সোমবার সকাল থেকে সুন্দরবনসংলগ্ন শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ কিলোমিটার এলাকায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর রাতে সুন্দরবনসংলগ্ন পানিরঘাট-সোনাতলা এলাকার একটি গ্রামে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পরে বাঘটি সুন্দরবনে ফিরে যায় বলে ধারণা করা হয়েছিল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলা গ্রামের ধানখেতের ওপর ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করা হয়েছে। তবে এ সময় বাঘটির সন্ধান পাওয়া যায়নি। বাঘটি সুন্দরবনে ফিরে গেছে, এমন কোনো আলামতও পাওয়া যায়নি।

শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে কমেছে রাতের চলাচল।

তিনি বলেন, বাঘটি ভোলা নদী সাঁতরে লোকালয়ে চলে আসতে পারে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।