শরণখোলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা প্রতিবেদক :

শরণখোলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি ট্রাইসাইকেল, একটি চাইল্ড হুইলচেয়ার, একটি হুইলচেয়ার এবং পাঁচটি স্মার্ট কেইন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, জামায়াত নেতা মো. ফজলুল হক, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল মালেক রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক শিশির কুমার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সহজ করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের সহায়তা তাদের আত্মনির্ভরশীল হতে এবং সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা এ ধরনের সহায়তা পাওয়ায় সরকার ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।