শরণখোলায় মাদক কারবারিদের গ্রেফতারের পর ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক:

শরণখোলায় মাদক কারবারিদের গ্রেফতারের পর ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, সম্প্রতি শীর্ষ মাদক কারবারিসহ কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতারের পর একটি মহল ওসির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। এর প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচ রাস্তার মোড়ে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে শরণখোলাকে মাদকমুক্ত করতে পুলিশের চলমান অভিযানের প্রতি সমর্থনও জানানো হয়।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শিমুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজী, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

বক্তারা বলেন, শরণখোলা থানার ওসি রোকেয়া খানম দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে শীর্ষ মাদক কারবারিসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার হয়েছেন। এতে মাদক কারবারিদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযান কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। শরণখোলাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের উদ্যোগে সাধারণ মানুষ পাশে থাকবে এবং ওসির বিরুদ্ধে যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

শরণখোলায় মাদক কারবারিদের গ্রেফতারের পর ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন শেষে আয়োজকরা মাদকমুক্ত শরণখোলা গড়ে তুলতে প্রশাসনের চলমান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানান।