
শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদীর তীরবর্তী জিলবুনিয়া এলাকার নদীর চরে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহটির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় শিশুটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জিলবুনিয়া এলাকায় বলেশ্বর নদীর চরে এ মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তিনি নদীর চরে ভাসমান কাঠ কুড়াতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শিশুটির মরদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে নদীর চরে আটকে থাকতে পারে। তবে শিশুটির পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে মরদেহটি সেখানে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শিশুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।