লকডাউন শেষে সড়কের ব্যারিকেড তুলে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা খোকন।

এ জেড আমিনুজ্জামান রিপন :

 লকডাউন শেষে সড়কের ব্যারিকেড তুলে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা খোকন।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লকডাউনকে কেন্দ্র করে গত চার দিন ধরে বন্ধ থাকা ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোনা থেকে টুঙ্গিপাড়া অংশের ব্যারিকেড তুলে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোরে বাংলাদেশ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বাবুল হোসেন খোকনের নেতৃত্বে স্থানীয়রা এ উদ্যোগ নেন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সড়কটি উন্মুক্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় শেখ মো. বাবুল হোসেন খোকনের সঙ্গে উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাউস সিকদার, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় ইউনিয়নবাসী।

স্থানীয়রা জানান, লকডাউনের কারণে গত চার দিন ধরে ঘোনা থেকে টুঙ্গিপাড়া সড়কের একটি অংশে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে ঢাকা ও পিরোজপুরের মধ্যে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।

শনিবার ভোরে ব্যারিকেড সরিয়ে সড়কটি উন্মুক্ত করার পর পিরোজপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে পিরোজপুরগামী যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেখ মো. বাবুল হোসেন খোকন বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই সড়কটি উন্মুক্ত করা হয়েছে। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় যাত্রী ও স্থানীয়দের যে ভোগান্তি হচ্ছিল, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কটি উন্মুক্ত হওয়ার পর সকাল থেকেই ওই আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রূপ নিতে দেখা যায়।