
ক্রাইম নিউজ ডেস্ক :

দীর্ঘদিনের আলোচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগে অগ্রগতি হয়েছে। এ-সংক্রান্ত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে র্যাবের আইনি কাঠামো বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে র্যাবের জনবল, সম্পদ, অর্থ, নথিপত্র, দায়-দায়িত্বসহ বিদ্যমান বিভিন্ন উপকরণ নতুন বাহিনীতে স্থানান্তরের প্রস্তাব রয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, সংগঠিত ও গুরুতর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি আধুনিক, পেশাদার, দক্ষ, বিশেষায়িত ও জবাবদিহিমূলক ইউনিট প্রয়োজন। সেই লক্ষ্যেই এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে প্রস্তাবিত নতুন বাহিনী নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তিও উঠেছে। তাদের বক্তব্য, র্যাবের জনবল ও কাঠামোর বড় অংশ নতুন বাহিনীতে স্থানান্তর করা হলে নাম পরিবর্তন হলেও কার্যত পুরোনো বাহিনীরই ধারাবাহিকতা থেকে যেতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে আরও বিস্তৃত আলোচনা ও সংস্কারের দাবি জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
সংসদীয় কমিটির বৈঠকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতীতের অপব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। কমিটির সদস্যরা প্রশিক্ষণ, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, বিরোধী দলের সদস্যরা বিলটি নিয়ে কয়েকটি বিষয়ে ভিন্নমতও দিয়েছেন। তাদের পক্ষ থেকে আরও আলোচনা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
এখন প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের পর আইন প্রণয়নের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে। ফলে চূড়ান্তভাবে আইন পাস হলে র্যাবের পরিবর্তে পুলিশের অধীনে এসআরবি কার্যকর হওয়ার পথ তৈরি হবে।