মুক্তিযুদ্ধে পিতা শহীদ হওয়ার সাত বছর পর পুত্রের জন্ম।

 এ জেড আমিনুজ্জামান রিপন :

মুক্তিযুদ্ধে পিতা শহীদ হওয়ার সাত বছর পর পুত্রের জন্ম।

মুকসুদপুরে তথ্য গোপন করে শিক্ষক পদে চাকরির অভিযোগ।

গোপালগঞ্জের মুকসুদপুরে তথ্য গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মোহা. মুরাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সম্প্রতি মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

অভিযোগ ও নিয়োগসংক্রান্ত নথি সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১ ডিসেম্বর মুকসুদপুরের শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসায় সহকারী মৌলভি শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহা. মুরাদ হোসেন। তাঁর ইনডেক্স নম্বর ডি২০০৭০৩৯। শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র (নম্বর: ৩২৮ ১৩০ ৬২০৩) অনুযায়ী, তাঁর জন্মতারিখ ১৯৭৮ সালের ১ জানুয়ারি।

অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা অনুযায়ী, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর পিতা মোয়াজ্জেম হোসেন শহীদ হন। তাঁর মুক্তিযোদ্ধা নম্বর ০২৩৫০০০০০০০৪। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শহীদ মুক্তিযোদ্ধার পরিবারটি নিয়মিত শহীদ ভাতা পেয়ে আসছে।

অভিযোগকারীর দাবি, পিতার মৃত্যুর প্রায় সাত বছর পর পুত্রের জন্মের বিষয়টি সংশ্লিষ্ট নথিপত্রের সঙ্গে অসংগতিপূর্ণ। এ অবস্থায় নিয়োগের সময় প্রয়োজনীয় তথ্য গোপন করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তৎকালীন নিয়োগ কমিটির কাছে তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে তিনি চাকরি বাগিয়ে নেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোহা. মুরাদ হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। অধ্যক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষকতার মতো মহান পেশায় নীতি-নৈতিকতাহীন কারও স্থান থাকা উচিত নয়। তথ্য গোপনের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর সুষ্ঠু তদন্তের স্বার্থেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছি।”

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিশক কবির বলেন, এ বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সরকারী ছুটির কারনে তদন্তে বিলম্ব হয়েছে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।