মানবাধিকার সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন, আড়ালে মাদক ব্যবসা, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য।

ক্রাইম নিউজ প্রতিবেদক, সাকিব :

মানবাধিকার সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন, আড়ালে মাদক ব্যবসা, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য।

গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মিলেছে মোবাইল কোর্টের অভিযানে।

অভিযানে পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে মানবাধিকার সংগঠনের পরিচয় ব্যবহার এবং জেলা প্রশাসকের অনুমোদনের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও বাণিজ্যিক ভিত্তিতে বালু বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় পাঁচজনকে সাজা দেওয়া হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং অপর একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোট জরিমানার পরিমাণ ৩ লাখ ৫০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অনুসন্ধানে উঠে এসেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের একজন আব্বাস উদ্দিন, নিজেকে মানবাধিকারকর্মী ও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকর্ম পরিচালনা করে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ। অভিযোগ রয়েছে, এই আব্বাস উদ্দিন এলাকার চিহ্নিত একজন বড় ধরনের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি একটি মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা সহ নানা রকম প্রভাব বিস্তার করে আসছে।

মানবাধিকার সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন, আড়ালে মাদক ব্যবসা, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য।
আব্বাস উদ্দিন

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, বর্ণি বাওড় এলাকায় অবৈধ বালু উত্তোলনের স্থানে একটি সাইনবোর্ড টানানো হয়েছিল, যেখানে উল্লেখ করা হয় যে, “মানবাধিকার সংগঠন ও জেলা প্রশাসকের অনুমতিক্রমে” বালু উত্তোলনের কাজ পরিচালিত হচ্ছে। তবে অনুসন্ধানে এমন কোনো সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্ণি বাওড় এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

ড্রেজার দিয়ে নির্বিচারে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বাওড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পরিবেশবিদরা বলছেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকলে কৃষি উৎপাদন ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানবাধিকার সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন, আড়ালে মাদক ব্যবসা, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী অভিযুক্ত  মাদক ব্যবসায়ী আব্বাস উদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।