
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর-কলাতলা এলাকায় বিএনপি নেতা সোহরাব হোসেন হাওলাদারের (৭৩) বাড়িতে রাতের আঁধারে হেলমেট পরিহিত একদল অজ্ঞাত ব্যক্তির হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেন হাওলাদার মৃত ফয়জর হাওলাদারের ছেলে এবং তিনি মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর-কলাতলা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ করে সোহরাব হোসেন হাওলাদারের বাড়ির সামনে এসে হামলার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে জড়ো হতে শুরু করলে এবং পুলিশের উপস্থিতির খবর পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে।