মাদারীপুরে মানবপাচার মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার-১

এস এম আজার হোসেন, ব্যুরো চিফ মাদারীপুর :

মাদারীপুরে মানবপাচার মামলায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতার ১

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে আটকে রেখে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মাদারীপুরে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামি আতাউর রহমান সালাম ফকিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার অপর চার আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চর নাচনা এলাকার রাসেল ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নেওয়া এবং সেখানে আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন—মাদারীপুর সদর উপজেলার চর নাচনা এলাকার রাসেল ফকির, তাঁর বাবা আতাউর রহমান সালাম ফকির (৫০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর তাজপুর এলাকার সাইদ মিয়ার স্ত্রী সোনিয়া বেগম, একই উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রফিক মাতুব্বর (৫০) এবং কুলসুম বেগম (৪৫)।

মামলার বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মো. সোহেল আহম্মেদকে ইউরোপে পাঠানোর কথা বলে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে বিভিন্ন সময়ে তাঁর পরিবারের কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা গ্রামের অলি হোসেন বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আদালতে মামলা করেন।

মামলাটির নম্বর সি.আর ২৪৫/২৬ (মাদারীপুর)। মামলাটি দায়ের করা হয় ২৯ অক্টোবর ২০২৬।

মামলার অভিযোগ আমলে নিয়ে আদালত পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আতাউর রহমান সালাম ফকিরকে গ্রেফতার করে। মামলার অপর চার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, মামলার পর থেকে অপর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে বাদীপক্ষের অভিযোগ। তাঁদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলো এখনো আদালতে বিচারিকভাবে প্রমাণিত হয়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।