মাদারীপুরে  দীর্ঘদিনের জটিলতার জমি উদ্ধার,  নির্মাণাধীন ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশন।

এস, এম আজাহার হোসেন,  জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :
মাদারীপুরে  দীর্ঘদিনের জটিলতার জমি উদ্ধার,  নির্মাণাধীন ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশন।

সরকারি দখল নিশ্চিত; দ্রুত শুরু হবে নির্মাণকাজ, বদলে যাবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা।

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমির পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। এ লক্ষ্যে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হলেও স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় দীর্ঘদিন নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

প্রকল্পের অচলাবস্থা নিরসনে প্রশাসনের উদ্যোগে গত ৩ জুলাই ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার জেলা প্রশাসনের সার্ভেয়ার, আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন।

মাদারীপুর-2 আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে। পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং নগরবাসী আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সুফল ভোগ করবেন।”

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, “মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণে জটিলতা সৃষ্টি হতো। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে। পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমও আরও গতিশীল হবে।”

স্থানীয় বাসিন্দা শফিক স্বপন বলেন, “দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।”

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “প্রায় দেড়শ বছরের পুরোনো মাদারীপুর পৌরসভায় এখনো কোনো আধুনিক ডাম্পিং স্টেশন নেই। এটি পৌরবাসীর দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাম্পিং স্টেশনের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারিত থাকলেও আপাতত তিন একর জমি উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে। জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের ফলে এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।