মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন, দেশীয় ফল চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ।

এস এম আজাহার হোসেন, মাদারীপুর জেলা ব্যুরো চিফ :

মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন, দেশীয় ফল চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ।

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানি সরকার।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা প্রদর্শিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল সম্পর্কে খোঁজখবর নেন এবং অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন।

সংশ্লিষ্টরা জানান, ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা জেলার কৃষি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।