
দুবাইয়ে আজকের রাতটা বাংলাদেশের জন্য শুধুই উদ্যাপনের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। শিরোপা জয়ের পর মাঠেই শুরু হয়েছে বাঁধনহারা উদ্যাপন।
খেলাটা যখন ক্রিকেট, আর প্রতিপক্ষ ভারত—বাংলাদেশের যেকোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনি আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ।
গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে।
টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।