
রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিবেদক :

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রংপুরসহ সারাদেশে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী।
পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন আগামী চক্রবর্তীর জীবনের স্বপ্নও। কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা আগামী চক্রবর্তীর বিয়ের প্রস্তুতি চলছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা অদিত করের সঙ্গে তাঁর বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল বলে জানিয়েছেন স্বজন ও ঘনিষ্ঠজনরা। দুই পরিবারে চলছিল বিয়ের আয়োজন নিয়ে আলোচনা।
কিন্তু বিয়ের সাজে সাজতে যাওয়ার আগেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন আগামী।
আগামীর হবু স্বামী অদিত করের এক বন্ধু জানান, দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে চূড়ান্ত হয়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়েও দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এমন অবস্থায় আগামীর আকস্মিক মৃত্যুতে অদিত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ওই বন্ধু বলেন, অদিত একদিকে তাঁর হবু স্ত্রীকে হারিয়েছেন, অন্যদিকে কদিন আগেই তাঁর বাবাকেও হারিয়েছেন। পরপর দুটি মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁকে কীভাবে সান্ত্বনা দেওয়া যায়, সেটিও বুঝে উঠতে পারছেন না স্বজন-বন্ধুরা।
আগামী চক্রবর্তীকে নিয়ে অদিত করের একটি ফেসবুক পোস্টও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বুধবার আগামীকে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করে অদিত লিখেছিলেন, “আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল।”
ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন, “খুব করে বলল সেদিন—‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।’ চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব।”
প্রিয় মানুষকে হারানোর পর অদিতের এই কথাগুলো এখন যেন এক অসহায় শোকের দলিল হয়ে উঠেছে।
শেষ কথা হয়েছিল মাসির সঙ্গে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টার দিকে আগামী চক্রবর্তীর সঙ্গে তাঁর মাসি পূজা চক্রবর্তীর সর্বশেষ কথা হয়। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার রাতে বড় বোন প্রীতিলতা চক্রবর্তী ও তাঁর পরিবারের খোঁজ নিতে ওই বাড়িতে যান পূজা চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, পরিবারের চার সদস্যই আর বেঁচে নেই।
একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই পরিবারের সঙ্গে স্বজনদের যোগাযোগ বন্ধ ছিল। পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে চারটি মরদেহ উদ্ধার করে।
একটি পরিবারের চারটি প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার ঘটনায় রংপুরে নেমে এসেছে গভীর শোক। বিশেষ করে আগামী চক্রবর্তীর বিয়ে ঘিরে যখন দুই পরিবারে আনন্দের প্রস্তুতি চলছিল, ঠিক সেই সময় তাঁর এমন নির্মম মৃত্যু স্বজনদের কাছে হয়ে উঠেছে এক অবিশ্বাস্য ট্র্যাজেডি।
বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল, শুরু হয়েছিল আয়োজন—কিন্তু সেই আয়োজন আর পূর্ণতা পেল না। হবু স্ত্রীকে হারিয়ে অদিত করের শোকাহত কণ্ঠে এখন শুধু ফিরে আসছে প্রিয় মানুষটির স্মৃতি।