বাড়ির কাজ দেখতে গিয়ে প্রবাসীর স্ত্রী খুন, বালুর নিচে মিলল মরদেহ!

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাড়ির কাজ দেখতে গিয়ে প্রবাসীর স্ত্রী খুন, বালুর নিচে মিলল মরদেহ!
বাড়ির কাজ দেখতে গিয়ে প্রবাসীর স্ত্রী খুন, বালুর নিচে মিলল মরদেহ!

ফেনীর সদরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে পুঁতে রাখার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত শিরিন আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে পরিবারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
সম্প্রতি তাঁরা পাশের জমিতে নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গেলে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বালুর নিচে মরদেহ গুম করার চেষ্টা করে।
জানা গেছে, বিকেলে কাজ দেখতে গিয়ে নিখোঁজ হন শিরিন আক্তার। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিহতের ছেলে রাজু জানান, বিকেল থেকে মাকে খুঁজে না পেয়ে তিনি নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে সাইফুল নামের এক নির্মাণ শ্রমিককে কাজ করতে দেখে মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বালুর নিচে শিরিন আক্তারের মরদেহ দেখতে পান তাঁরা।
ঘটনার পর থেকেই নির্মাণ শ্রমিক সাইফুল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।