
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ গণমাধ্যমকে জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন শান্ত। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিজাম উদ্দিন শান্তের বাবা তোরাফ আলী এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর আগে তিনি তার মা ও প্রথম স্ত্রীকেও হারান। তার দাদা বাড়ি গোপালগঞ্জে। তিনি দ্বিতীয় স্ত্রী, তিন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা ওই আইনজীবীকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি গণমাধ্যমকে আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।