
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকির বিরুদ্ধে প্রতারণা, অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি অফিস আদেশ জারি করেছে।
গত রোববার জারি করা অভ্যন্তরীণ অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩-এর ৪৫(৫) ধারা অনুযায়ী রকিবুল হাসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা, ২০০৩-এর ২১(ক) ধারা অনুযায়ী জীবিকা ভাতা পাবেন।
আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রকিবুল হাসানের বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন বেটিংসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে পুলিশের মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা বাংলাদেশ ব্যাংকের প্রচলিত বিধান। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে।
এর আগে গত সপ্তাহে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল রকিবুল হাসানকে গ্রেফতারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে তিনি আগেই সেখান থেকে সরে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।