
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশে প্রতি বছর একটি মাঝারি আকারের শহরের সমান মানুষ হারিয়ে যাচ্ছে। যুদ্ধ নেই, দুর্ভিক্ষ নেই, মহামারীও নেই। তবুও বছরে ১ লক্ষ ১৬ হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন ক্যান্সারে। আর নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন ১ লক্ষ ৬৭ হাজারেরও বেশি মানুষ।
চিকিৎসকদের আশঙ্কা, হাসপাতালের বাইরে থাকা অসংখ্য রোগীকে হিসাবের মধ্যে ধরলে প্রকৃত সংখ্যা আরও ভয়াবহ। দেশজুড়ে ক্যান্সারের এই নীরব বিস্তারের কেন্দ্রে রয়েছে পাঁচটি রোগ— খাদ্যনালীর ক্যান্সার, মুখ ও ঠোঁটের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তনের ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার।
সবচেয়ে ভয়ংকর অবস্থানে আছে খাদ্যনালীর ক্যান্সার। বর্তমানে ৪২ হাজারের বেশি মানুষ এই রোগে ভুগছেন। প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন ২৫ হাজারের বেশি। ক্যান্সারে যত মানুষ মারা যায়, তাদের প্রায় পাঁচ জনের একজনের মৃত্যু হয় এই রোগেই। চিকিৎসকদের ভাষায়, বাংলাদেশে এটি এখন এক নীরবঘাতক।
এর পরেই রয়েছে মুখ ও ঠোঁটের ক্যান্সার। আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
প্রতি বছর নতুন রোগী যোগ হচ্ছেন ১৬ হাজারের বেশি। পান, জর্দা, গুল, তামাক ও ধূমপানের দীর্ঘমেয়াদী প্রভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য বলছে— হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশই এই ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর মিছিলে আর এক বড় নাম— ফুসফুসের ক্যান্সার। বর্তমানে প্রায় ১৭ হাজার মানুষ এই রোগে আক্রান্ত। প্রতিবছর মারা যাচ্ছেন ১২ হাজারের বেশি।
বিশেষজ্ঞদের মতে, ধূমপানের পাশাপাশি ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
রাজধানীসহ বড় শহর গুলোর বাতাস যেন ধীরে ধীরে মানুষের ফুসফুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নারীদের ক্ষেত্রে চিত্রটি আরও উদ্বেগজনক। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্তনের ক্যান্সার। দেশে বর্তমানে ৩৫ হাজারের বেশি নারী এই রোগে ভুগছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে— নারী ক্যান্সার রোগীদের এক-তৃতীয়াংশেরও বেশি স্তন ক্যান্সারে আক্রান্ত।
আরেকটি বড় উদ্বেগ— জরায়ুমুখের ক্যান্সার।
বর্তমানে ২৬ হাজারের বেশি নারী এই রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় সাড়ে ৯ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছেন। সবচেয়ে চিন্তার বিষয় হলো— বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের নারীরা কম বয়সেই স্তন ও জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
কেন বাড়ছে ক্যান্সার ? চিকিৎসকদের মতে, এর পেছনে রয়েছে দূষিত পরিবেশ, ভেজাল খাদ্য, তামাকের ব্যবহার, অনিয়ন্ত্রিত জীবন যাপন এবং স্বাস্থ্য সচেতনতার ঘাটতি।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন গনমাধ্যমকে বলছেন, “বায়ুদূষণ সরাসরি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও তামাকজাত পণ্যের ব্যবহার পরিস্থিতিকে আরও খারাপ করছে। তবে আশার কথাও আছে, বিশেষজ্ঞরা বলছেন— সময় মতো টিকা, নিয়মিত স্ক্রিনিং এবং সচেতনতা বাড়ানো গেলে অন্তত স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের বড় একটা অংশ প্রতিরোধ করা সম্ভব।
প্রশ্ন হলো— ক্যান্সার কি আমাদের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়বে? নাকি সচেতনতা তার আগেই পৌঁছে যাবে মানুষের দরজায় ?