বাংলাদেশে এসে স্ত্রী-সন্তানের খোঁজে আদালতের দ্বারে দ্বারে মার্কিন ব্যবসায়ী গ্যারিসন।

মো: আল মাসুম খান।চীফ ক্রাইম রিপোর্টার:

বাংলাদেশে এসে স্ত্রী-সন্তানের খোঁজে আদালতের দ্বারে দ্বারে মার্কিন ব্যবসায়ী গ্যারিসন।

ঢাকায় এসে স্ত্রী ও দুই সন্তানের খোঁজে এখন আদালত থেকে আদালতে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যবসায়ী গ্যারিসন লুটেল। স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের বিরুদ্ধে প্রতারণা, যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং সন্তানদের দেখতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

গ্যারিসন লুটেলের সঙ্গে ফারহানা করিমের বিয়ে হয় ২০১৮ সালে। বিয়ের পর তারা যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। সেখানে তাদের নিজস্ব বাড়িও ছিল। দাম্পত্য জীবনে তিন বছর আগে তাদের প্রথম সন্তান জন্ম নেয়।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের শুরুর দিকে আবার অন্তঃসত্ত্বা হন ফারহানা। ওই বছরের জুন মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। অন্তঃসত্ত্বা অবস্থায় মা ও বোনের সঙ্গে থাকা প্রয়োজন বলে স্বামীকে জানান তিনি। পরে ঢাকার উত্তরায় অবস্থান শুরু করেন।

অভিযোগ রয়েছে, বাংলাদেশে আসার পর ধীরে ধীরে গ্যারিসনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন ফারহানা। এক পর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে গ্যারিসন নিয়মিত অর্থ পাঠালেও স্ত্রী বা সন্তানদের কোনো খোঁজ পাচ্ছিলেন না।

 

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশে আসেন গ্যারিসন। দেশে এসে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেও দেখা করতে রাজি হননি ফারহানা। এমনকি সন্তানদেরও দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে উত্তরা থানার পুলিশ ও গ্যারিসন যে হোটেলে অবস্থান করছিলেন তাদের সহযোগিতায় ফারহানার বাসায় যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, ফারহানা করিম কানাডার এক নাগরিকের সঙ্গে বসবাস করছেন। ফারহানা দাবি করেন, তিনি ওই কানাডিয়ান নাগরিককে বিয়ে করেছেন।

এদিকে এক মাস আগে দ্বিতীয় একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন ফারহানা।
গ্যারিসনের আইনজীবী জানান, সব চেয়ে বিস্ময়কর বিষয় হলো, ফারহানা হাসপাতালের কিছু কাগজ দেখিয়ে দাবি করেছেন দ্বিতীয় সন্তান গ্যারিসনের নয়; বরং কানাডিয়ান ওই নাগরিকের সন্তান। একই সঙ্গে তিনি একটি বিয়ের নথিও দেখান। তবে গ্যারিসনের সঙ্গে এখনো আনুষ্ঠানিক ভাবে তার বিবাহ বিচ্ছেদ হয়নি বলেও জানা গেছে।

গ্যারিসনের বাংলাদেশে আসার আরেকটি কারণ ছিল তালাকের একটি নোটিশ। পুরান ঢাকার এক কাজীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো ওই নোটিশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের বিষয় উল্লেখ করা হয়। নোটিশটি পাওয়ার পরই তিনি হতবাক হয়ে পড়েন।

বাংলাদেশে এসে তালাকের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দেওয়ানি মামলা দায়ের করেন গ্যারিসন। পাশাপাশি দুই শিশুর হেফাজত চেয়ে আদালতে মামলা করেন তিনি। সন্তানদের দেখতে না পেয়ে হাইকোর্টেও রিট আবেদন করেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি তার।
বর্তমানে দুই সন্তানকে ফিরে পাওয়ার আশায় ঢাকার দায়রা জজ আদালত, আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের করিডোরে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন এই ব্যবসায়ী।