বাংলাদেশের সব বিমান বন্দরে ভিআইপি-সিআইপি সহ সবাইকে নিরাপত্তা তল্লাশির নির্দেশ।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশের সব বিমান বন্দরে ভিআইপি-সিআইপি সহ সবাইকে নিরাপত্তা তল্লাশির নির্দেশ।

দেশের সব বিমান বন্দরে ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সব যাত্রীর ক্ষেত্রে সমান ভাবে বিমান চলাচল নিরাপত্তা বিধি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান বন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে কাউকে কোনো ধরনের বিশেষ সুবিধা দিয়ে অব্যাহতি দেওয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএসসি) প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সমন্বয়কারী সংস্থা এনসিএসসির ১৩তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা নিরীক্ষার বিষয়টি উল্লেখ করে আফরোজা খানম বলেন, এই নিরীক্ষার ফলাফলের সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ঘনিষ্ঠ ভাবে জড়িত। তাই যেসব ক্ষেত্রে পর্যবেক্ষণ আসতে পারে, সেসব বিষয়ে আইসিএও’র নির্ধারিত মানদণ্ড শতভাগ অনুসরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যাত্রীদের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধে সরকার অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেবে।

তিনি বলেন, প্রায় তিন বছর পর এনসিএসসির সভা অনুষ্ঠিত হয়েছে। তাই সভার সিদ্ধান্তগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরবচ্ছিন্ন বিমান বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক স্ক্যানারসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বিমান চলাচল নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, আইসিএও’র নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত পরিকল্পনা গ্রহণ।

কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রবেশ পথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেম (ইউভিএসএস)-এর কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের সব বেসামরিক বিমান বন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সংকট ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অননুমোদিত জনসমাগম, ভিক্ষাবৃত্তি এবং অবৈধ লাগেজ মোড়ানোর কার্যক্রম প্রতিরোধে ক্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ পুলিশ, আনসার, বিমান বন্দর ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করা হয়।

দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী সেবা উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি।