
এমডি আল মাসুন খান, চিফ ক্রাইম রিপোর্টার :

দেশের বন্ধ কলকারখানা পুনরায় চালু, কৃষি ও শিল্প খাতে নতুন গতি সৃষ্টি এবং প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ ২৩ মে ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের ৫ম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মো: মোস্তাকুর রহমান।
সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেশের শিল্প খাতকে পুনরায় সচল করা এবং দীর্ঘদিনের স্থবির অর্থনীতিতে নতুন গতি ফিরিয়ে আনতে মোট ৬০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক গুলোর উদ্বৃত্ত তহবিল থেকে এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের গ্যারান্টি সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রদান করা হবে।
তিনি বলেন, বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি খাত, তৈরি পোশাক শিল্প, সিএমএসএমই, পরিবেশ বান্ধব শিল্প এবং সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) খাতে সহজ শর্তে ঋণ ও অর্থায়ন সুবিধা দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক সংকটের এই সময়ে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগ ব্যবসা-বাণিজ্যে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিল্প কারখানা পুনরায় সচল হলে উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদরা গভর্নরের এ উদ্যোগকে সময়োপযোগী, বাস্তবমুখী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।