
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনে বনদস্যু দমনে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দীর্ঘদিন ধরে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছে আতঙ্কের নাম ছিল সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী। অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি এবং অস্ত্রের মুখে বনজীবীদের জিম্মি করে রাখার অভিযোগে কুখ্যাত এসব দস্যুদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলেই এবার আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় বনদস্যু।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তারা নিজেদের কাছে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ কোস্ট গার্ডের কাছে জমা দেন।
বিষয়টি গণমাধ্যমের কাছে আজ নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া সেলের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানায়, আত্মসমর্পণকারীদের কাছ থেকে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড গণমাধ্যমকে জানায়, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪৫ জন বনদস্যুকে গ্রেপ্তার এবং দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী গুলো চরম চাপে পড়ে। এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিলেন।
উল্লেখ্য সর্বশেষ ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ তার সহযোগীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কারনুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)সহ মোট ২৭ জন। তাদের অধিকাংশই খুলনার পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। এছাড়া বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা উপজেলার কয়েকজন এবং পিরোজপুর জেলার একজন সদস্যও আত্মসমর্পণ করেছেন।

কোস্ট গার্ডের কর্মকর্তারা এই প্রতিবেদকের কাছে আশা প্রকাশ করেছেন, এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনে বনজীবীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং বনদস্যুমুক্ত সুন্দরবন গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।