​বড় গ্রাহকের পকেটে ব্যাংকের টাকা: চরম ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​বড় গ্রাহকের পকেটে ব্যাংকের টাকা: চরম ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত।

​বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ভয়াবহ ভারসাম্যহীনতা ও ঝুঁকির চিত্র ফুটে উঠেছে। সাধারণ আমানতকারীদের টাকা মুষ্টিমেয় কিছু বড় গ্রাহকের হাতে জিম্মি হয়ে পড়ছে, যার ফলে সংকটে পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান এবং খাতসংশ্লিষ্টদের তথ্যে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র।

৩২ শতাংশ ঋণই মাত্র ৪,৮৯৯ জনের হাতে,

​বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের একটি বড় অংশ অল্পসংখ্যক বড় গ্রাহকের হাতে কেন্দ্রীভূত হওয়ার তীব্র প্রবণতা তৈরি হয়েছে। বর্তমানে মাত্র ৪ হাজার ৮৯৯ জন গ্রাহকের কাছে রয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৭০৬ কোটি টাকা। উল্লেখ্য, এই গ্রাহকদের প্রত্যেকের ঋণের পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। এই বিশাল অঙ্কের টাকা দেশের ব্যাংক খাতের মোট ঋণের ৩২ শতাংশের চেয়েও বেশি। হিসাব কষলে দেখা যায়, এখানে প্রতিটি হিসাবের বিপরীতে গড় ঋণের পরিমাণ প্রায় ১১৭ কোটি টাকা।

​তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, দুই বছর আগে ২০২৪ সালের মার্চে ৩ হাজার ৭০৪ জন বড় গ্রাহকের হাতে ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৩১ হাজার ৯৬০ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ২৭.৬ শতাংশ। অর্থাৎ, মাত্র দুই বছরের ব্যবধানে বড় গ্রাহকদের ঋণের অংশ বেড়েছে আরও প্রায় ৫ শতাংশ।

​নীতিমালা শিথিল ও ঝুঁকি ব্যবস্থাপনা,

​অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অল্প কিছু মানুষের হাতে ঋণের বড় অংশ থাকা ব্যাংকিং খাতের জন্য এক ধরনের বড় ঝুঁকি তৈরি করে। কারণ, এই বড় ঋণগ্রহীতাদের মধ্যে কেউ যদি অনিয়মিত বা খেলাপি হয়ে পড়েন, তবে তার সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ে ব্যাংকের মূলধন এবং তারল্যের ওপর।

​এই ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে ‘এক্সপোজার সীমা’ বা ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণের ওপর জোর দেওয়া হলেও, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বড় ঋণের সীমা উল্টো কিছুটা শিথিল করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একটি ব্যাংক তাদের মোট মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ সরাসরি (ফান্ডেড) ঋণ দিতে পারবে একজন গ্রাহককে, যা আগে ছিল মাত্র ১৫ শতাংশ। তবে সরাসরি ও নন-ফান্ডেড মিলিয়ে মোট ঋণ কোনোভাবেই ২৫ শতাংশের বেশি হতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন নির্দেশনা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

উপেক্ষিত ক্ষুদ্র ও মাঝারি খাত: ১ কোটি ৪৯ লাখ গ্রাহকের ভাগ্যে মাত্র ৯% ঋণ,

​বড় গ্রাহকদের প্রতি ব্যাংক গুলোর বিশেষ অনুরাগ থাকলেও দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ক্ষুদ্র ব্যবসায়ী, কুটির শিল্প ও কৃষকেরা চরম উপেক্ষার শিকার হচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ৮৩ হাজার ১১৯ কোটি টাকা, যার বিপরীতে মোট হিসাবধারী বা গ্রাহক ছিলেন ১ কোটি ৫৯ লাখ ৮২ জন।

​এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া ক্ষুদ্র গ্রাহকের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ১৪৫ জন। সংখ্যার বিচারে তারা মোট ব্যাংক হিসাবের ৯৩.৭৩ শতাংশ! অথচ, এই বিশাল জনসংখ্যার ভাগ্যে জুটেছে মোট ঋণের মাত্র ৯.১৯ শতাংশ। গত এক বছরে শীর্ষ বড় গ্রাহকদের ঋণ বাড়লেও বাকি ক্ষুদ্র ও মাঝারি গ্রাহকের সম্মিলিত ঋণ উল্টো ৭ হাজার ১৮১ কোটি টাকা কমে গেছে। ফলে এই খাতে ঋণ প্রবাহ মারাত্মক ভাবে মন্থর হয়ে পড়েছে।

সরকারি ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ ১,১১২ জনের পকেটে,

​ঋণের এই অনাকাঙ্ক্ষিত কেন্দ্রীভূত অবস্থা সবচেয়ে বেশি দৃশ্যমান রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংক গুলোতে। পরিসংখ্যান বলছে, সরকারি ব্যাংক গুলোর মোট ৩ লাখ ৫১ হাজার ৫৫৭ কোটি টাকা ঋণের মধ্যে মাত্র ১ হাজার ১১২ জন গ্রাহকের হাতেই বন্দি রয়েছে ১ লাখ ৭১ হাজার ৯০০ কোটি টাকা। অর্থাৎ, সরকারি ব্যাংক গুলোর মোট ঋণের প্রায় অর্ধেকই কুক্ষিগত করে রেখেছে মাত্র এক হাজার একশত জন গ্রাহক।

খেলাপি ঋণের পাহাড় ও আন্তর্জাতিক মানের পতন,

​ঋণ বিতরণের এই চরম ভারসাম্যহীনতার নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক আর্থিক সূচকে। ২০২৬ সালের মার্চ মাস শেষে ব্যাংকিং খাতে সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে ৫.৮৮ লাখ কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় ৩২ শতাংশ।

​বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’ (আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন) অনুযায়ী, এই ব্যাপক খেলাপি ঋণ এবং প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতির কারণে ব্যাংকিং খাতের ‘ঝুঁকি-ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত’ (CRAR) মারাত্মক ভাবে কমে ঋণাত্মক বা মাইনাস পর্যায়ে নেমে এসেছে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ব্যাংক গুলোর এই অনুপাত ন্যূনতম ১০ শতাংশ থাকার কথা ছিল।

উত্তরণের উপায় ও বিশেষজ্ঞদের পরামর্শ,

​এই ভয়াবহ পরিস্থিতি থেকে ব্যাংকিং খাতকে রক্ষা করতে এবং এর স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্ট ও অর্থনীতিবিদেরা। তাদের মতে, ব্যাংক গুলোকে নির্দিষ্ট কিছু বড় গ্রাহকের পেছনে না ছুটে ঋণ বিতরণে বৈচিত্র্য আনতে হবে এবং ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে। একই সাথে ঋণের অপব্যবহার রোধে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নজরদারি আরও জোরদার করা অপরিহার্য।