
নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বজ্রপাতের ঝুঁকি কমাতে বাগেরহাটের শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজোয়ান ইফতেকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের (ক্যাব) চেয়ারপারসন ও শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত তালবীজ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের (ক্যাব) প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান।
সভায় জানানো হয়, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের সব ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে।

আয়োজকেরা জানান, তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘমেয়াদে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।