
ক্রাইম নিউজ ডেস্ক :

প্রশাসনিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দ্বিতীয় দফায় প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন।
আগামী ৯ নভেম্বর পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে শুরু হবে ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে ২২ নভেম্বর পর্যন্ত। কর্মকর্তাদের ৮ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গত ৪ নভেম্বর সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এবার প্রশিক্ষণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। অন্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মসূচিতে পাকিস্তানের প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পদ্ধতি, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি নীতিকৌশল প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকায় থাকা অতিরিক্ত সচিব মোস্তফা জামান জানান, পাকিস্তান সরকারের আমন্ত্রণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশটির প্রশাসনিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরকারি নীতিকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
ব্যয় বহন করবে পাকিস্তান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণসহ সফরের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক অংশগ্রহণকারী কর্মকর্তাকে তাঁদের সফর ও প্রশিক্ষণসংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এর আগে মে মাসে গিয়েছিলেন ১২ কর্মকর্তা
এটি পাকিস্তানে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ সফর। এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যান।
লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) ৪ মে থেকে ২১ মে পর্যন্ত তাঁদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই দলে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ১১ জন কর্মকর্তা ছিলেন।
ভারতের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ
দীর্ঘদিন ধরে বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের অন্যতম প্রধান গন্তব্য ছিল ভারতের মুসৌরি। সেখানে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিতেন বাংলাদেশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা।
তবে রাজনৈতিক পালাবদল, ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েন, প্রশিক্ষণসংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়া ও ভিসা জটিলতার কারণে বর্তমানে ভারতে এ প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে। এর পরিবর্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানকে নতুন গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রশাসনিক প্রশিক্ষণের পাশাপাশি কূটনৈতিক বার্তা
সরকারি কর্মকর্তাদের মতে, বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দেশের প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো, কর্মকর্তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন ধারণা অর্জনেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে প্রশাসন বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানে বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগের একটি কূটনৈতিক বার্তাও রয়েছে। তাঁদের মতে, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে একাধিক দেশে প্রশিক্ষণের সুযোগ রাখা উচিত।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে প্রশিক্ষণ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আপাতত দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির অংশ হিসেবেই এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।