প্রকল্পের কারণে পরিবেশ, সম্পদ নষ্ট করা যাবে না

উন্নয়ন প্রকল্পের কারণে কখনো স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ও জনসাধারণের সম্পদ নষ্ট করা যাবে না। কোম্পানি বা সংস্থাকে আইনগতভাবে দায়বদ্ধ করতে হবে, যাতে তাদের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তারা ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি রোডম্যাপ করে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে যেতে হবে।

দ্বিতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশে দেশি–বিদেশি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের আলোচনায় এসব বিষয় উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজিত দুই দিনব্যাপী এ সমাবেশ আজ রোববার শেষ হয়েছে। এ সমাবেশে দেশি–বিদেশি অংশীজনেরা জলবায়ু, জ্বালানি ও পরিবেশ সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।

দুই দিনের এ সমাবেশে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, অধ্যাপক আনু মুহাম্মদ, রিভারফক্স এনভায়রনমেন্টালের সিইও ডোনা লিসেনবি, ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের ন্যাশনাল কো–অর্ডিনেটর আয়ান রিভেরাসহ অনেক দেশি–বিদেশি বিশেষজ্ঞ ও অংশীজনেরা অংশ নেন।

কৌশল নির্ধারণী অধিবেশনের মধ্য দিয়ে সমাবেশের দ্বিতীয় দিন শুরু হয়। ধরার উপদেষ্টা মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, এপিএমডিডির সিনিয়র অ্যানার্জি ক্যাম্পেইনার মালো তাবুইস ন্যুয়েরা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক প্রমুখ আলোচনা করেন।