
বাগেরহাট প্রতিবেদক, রাজিব শেখ :

বাগেরহাটে হৃদয়বিদারক এক ঘটনায় স্ত্রী ও সন্তানের লাশ দাফন করতে পারেননি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাদ্দাম (জুয়েল হাসান সাদ্দাম)। কারাগারে বন্দি থাকায় এবং প্যারোলে মুক্তি না পাওয়ায় শেষ বিদায় জানানো থেকে বঞ্চিত হন তিনি।
এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
স্থানীয় ও কারা সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতির স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের নয় মাস বয়সী সন্তান সম্প্রতি নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে ঘটনার সময় স্বর্ণালীর স্বামী সাদ্দাম বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরিবারের পক্ষ থেকে মানবিক কারণে তাকে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন করেনি।
তবে কারা কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় সাদ্দামকে জেলগেটে স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানের লাশ দেখার সুযোগ দেয়। এর বেশি তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
কারা কর্তৃপক্ষ জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে তাকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি স্ত্রী ও সন্তানের জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি।