পূর্ব সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণের অভিযোগ।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

পৃথক এলাকায় বনদস্যুদের হামলা, জেলে-মহাজনদের মধ্যে আতঙ্ক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় মাছ ধরার সময় বনদস্যুদের হাতে দুই দিনে ২১ জেলে অপহরণের অভিযোগ উঠেছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া, নারিকেলবাড়ীয়া ও ঝাপসি এলাকায় হামলা চালিয়ে ১৭ জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে জানান, শনিবার দিবাগত গভীর রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে অজ্ঞাতপরিচয় বনদস্যুরা হামলা চালায়। এ সময় বিভিন্ন নৌকা থেকে একজন করে মোট ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি জানান, অপহৃত ১৫ জেলের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন—আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। তাঁদের মধ্যে আরিফ, সগীর, মিঠু ও ফেরদাউসের বাড়ি খুলনায়। অন্যরা বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, এসব জেলে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ধরছিলেন।

এদিকে, মোংলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানান, শনিবার দিবাগত রাতে সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে আরও দুই জেলেকে অপহরণ করা হয়েছে। তাঁর দাবি, বনদস্যু করিম-শরীফ বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। অপহৃত দুই জেলে হলেন—মোংলার উলুকাটা-চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)।

জেলে মহাজনদের দাবি, গত দুই দিনে পৃথক ঘটনায় মোট ২১ জেলেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

তবে অপহরণের এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে জেলে অপহরণের খবর তাঁদের জানা নেই। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান তিনি।

সুন্দরবনে মাছ আহরণে জেলেদের নিরাপত্তা নিয়ে এমন অভিযোগে স্থানীয় জেলে-মহাজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অপহৃত জেলেদের অবস্থান ও তাঁদের উদ্ধারে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।