
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের পাইককান্দি এলাকার পূর্বপাড়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, পাইককান্দি পূর্বপাড়ার বাসিন্দা লিটু সিকদারের ছেলে সজীব সিকদারের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা প্রথমে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের তথ্য উদ্ঘাটনে ক্রাইম নিউজ-এর একটি অনুসন্ধানী দল ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও ছায়া তদন্ত চালাচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।