
ক্রাইম নিউজ ডেস্ক :

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর দেড়টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সেতুর ঢালে ওঠার সময় অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩) রয়েছেন।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।